দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলায় নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দ্বিতীয়খণ্ড ইউনিয়ন শাখার সহসভাপতি শহিদ মাদবরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে তাকে মাদারীপুর কারাগারে পাঠিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ মাদবরকে আটক করেন। এ সময় তারা সতর্কতামূলক বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, আটকের পর শহিদ মাদবরের ব্যবহৃত মোবাইল ফোনে নাশকতাসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া গেছে। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক পেজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও তারা দাবি করেন।
শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী বলেন, দ্বিতীয়খণ্ড ইউনিয়নের যুবলীগ নেতা শহিদ মাদবর নাশকতার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এমন তথ্য তাদের কাছে ছিল। গত প্রায় দুই দিন ধরে তাকে পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।তিনি বলেন, পরে সন্দেহের ভিত্তিতে শহিদ মাদবরকে আটক করা হয়। এ সময় তার মোবাইল ফোনে বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বুধবার রাতে স্থানীয় নেতাকর্মীরা শহিদ মাদবরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছ।এছাড়াও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে শহিদ মাদবরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার মোবাইল ফোনে থাকা কথিত ছবি-ভিডিওর বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team