দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
বর্ষায় গ্রামের ঐতিহ্য নৌকা বাইচ ঘিরে আড়িয়াল খাঁ নদের পাড়ে ঢল নামে দর্শনার্থীদের।
ঢাকঢোলের বাজনা, উল্লাস আর দর্শনার্থীদের করতালিতে শুক্রবার(৪ সেপ্টেম্বর) বিকেলে মুখর হয়ে ওঠে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের দুইপাড়। নৌকা বাইচ দেখতে নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট পাঁচটি নৌকা অংশ নেয়। শুরু থেকেই একে অপরকে পেছনে ফেলতে বৈঠার তালে তালে ছুটতে থাকে নৌকাগুলো। এ সময় নদীর দুই পাড় থেকে দর্শনার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে উৎসবের আমেজ আরও জমে ওঠে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তালুকদার গ্রুপের বাদল তালুকদারের নৌকা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় খাঁ যুবসমাজ ও লিটন সরদারের নৌকা। তৃতীয় স্থান অর্জন করে সুমন শিকদারের নৌকা। প্রতিযোগিতায় একটি ডিঙি নৌকাও অংশ নেয়। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী নৌকার জন্য দেওয়া হয় একটি ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।
নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলেন,'নৌকা বাইচ দেখতে অনেক দূর থেকেও লোকজন এসেছে। অনেকের আত্মীয়-স্বজন বাইচ দেখা উপলক্ষে বেড়াতে এসেছে। সবার মধ্যে অন্যরকম এক উৎসব। সব মিলিয়ে নৌকা বাইচ বেশ উপভোগের।'
নৌকা বাইচের আয়োজক বাদল তালুকদার বলেন, 'কালকিনির আড়িয়াল খাঁ নদীতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আরও জনপ্রিয় হয়ে উঠবে। বিজয়ীদের পুরস্কার প্রদানে প্রবাসী মিরাজ হাওলাদার ও ইলিয়াস তালুকদার সহযোগিতা করেছেন। বর্ষায় নৌকা বাইচ গ্রামে অন্যরকম প্রাণ সঞ্চার করে মানুষের মধ্যে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team