দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম
দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, “দুই নেতা বৈশ্বিক ইসলামি অর্থনীতির বিশাল বাণিজ্যিক সম্ভাবনা স্বীকার করেন এবং বাংলাদেশের হালাল খাতের উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে সম্মত হন।”
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরেও ‘হালাল শিল্প’ আলোচনায় এসেছিল।
মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “আমাদের সম্পদ একত্র করতে পারলে হালাল খাতই হবে ঢাকা ও পুত্রজায়ার মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির সবচেয়ে স্বাভাবিক ক্ষেত্র।”
কিন্তু প্রশ্ন হলো, হালাল শিল্প কী? মালয়েশিয়ার হালাল শিল্পে কোন কোন খাত রয়েছে এবং বাংলাদেশে এ শিল্প গড়ে তোলার সম্ভাবনা কতটা?
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ বিবিসি বাংলাকে বলেন, মালয়েশিয়া হালাল শিল্পের বৈশ্বিক রোল মডেল। এ খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আলোচনা এগিয়ে নিতে পারলে এটি দেশের অর্থনীতির জন্য ‘গেমচেঞ্জার’ হতে পারে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি মো. আনোয়ার শহীদ বলেন, হালাল শিল্পে মালয়েশিয়া চ্যাম্পিয়ন দেশ। তাই তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈশ্বিক প্রায় তিন ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করার সুযোগ রয়েছে বাংলাদেশের।
তিনি বলেন, “আমাদের বড় সমস্যা হলো সার্টিফিকেশন বা সনদ দেওয়া নিয়ে। ভালো ল্যাবরেটরি করে সার্টিফিকেশন সমস্যা কাটিয়ে তোলা গেলে বাংলাদেশ হালাল খাতে ভালো করবে।”
হালাল শিল্প কী
মো. আনোয়ার শহীদের ভাষ্য অনুযায়ী, হালাল শিল্প একটি ইকোসিস্টেম, যার মধ্যে ব্যাংকিং, পর্যটন, হালাল হোটেল শিল্প, হালাল লজিস্টিক, হালাল ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত।
অন্যদিকে প্রণব কুমার ঘোষ বলেন, ধর্মীয় দৃষ্টিভঙ্গির পাশাপাশি এটি একটি বৈশ্বিক ধারণা। খাদ্য থেকে শুরু করে পোশাক পর্যন্ত অনেক কিছুই এর আওতায় পড়ে।
মালয়েশিয়ার হালাল শিল্পের মাস্টার প্ল্যানে বলা হয়েছে, হালাল ইকোসিস্টেম হলো এমন একটি সমন্বিত নেটওয়ার্ক, যেখানে হালাল পণ্য ও সেবার উৎপাদন, উন্নয়ন, সরবরাহ এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে।
এই উপাদানগুলো সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। ইকোসিস্টেমের প্রতিটি অংশের নিজস্ব কার্যক্রম থাকলেও তারা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, যার ফলে একটি টেকসই ও ক্রমবর্ধমান ব্যবস্থা গড়ে ওঠে।
অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে হালাল পদ্ধতি ও উপকরণ ব্যবহার করে যে শিল্পব্যবস্থা গড়ে ওঠে, সেটিই হালাল শিল্প।
মালয়েশিয়ার হালাল শিল্প
ব্যবসায়ী ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের মতে, হালাল শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা প্রায় ৪০ বছরের। হালাল শিল্পের বিকাশ ও মানোন্নয়নে দেশটি বিশ্বে পথিকৃৎ হিসেবে পরিচিত।
দেশটিতে হালাল পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। ফলে মালয়েশিয়া বর্তমানে হালাল পণ্যের নিট আমদানিকারক।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়ার হালাল বাজারের আকার হবে ১১৩ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালে ছিল ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে খাদ্য ও পানীয় খাতের আকার হবে ৮৫ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালে ছিল ৫১ বিলিয়ন ডলার।
এ ছাড়া কসমেটিকস ও পার্সোনাল কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল খাতও হালাল শিল্পের বড় অংশ।
মালয়েশিয়ার হালাল শিল্পে মোট নয়টি খাত রয়েছে। এগুলো হলো—ফুড অ্যান্ড বেভারেজ, কসমেটিকস ও পার্সোনাল কেয়ার, ইনগ্রিডিয়েন্টস, ফার্মাসিউটিক্যালস, মডেস্ট ফ্যাশন, মেডিকেল ট্যুরিজম ও ডিভাইসেস, মুসলিম-ফ্রেন্ডলি হাসপাতাল, লজিস্টিক সার্ভিস এবং ইসলামিক ফাইন্যান্স।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৭০ সাল থেকে ২০২০ সালের মধ্যে ধাপে ধাপে মালয়েশিয়া একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলে।
সরকারি নীতিমালা ও আইন ছাড়াও জাকিম, হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করপোরেশন (এইচডিসি) এবং মালয়েশিয়া হালাল কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো বিশ্বের অন্যতম শীর্ষ হালাল শিল্প ও সার্টিফিকেশন মডেল হিসেবে পরিচিত।
১৯৭০ সালে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ হালাল শিল্প নিয়ে কার্যক্রম শুরু করে। ১৯৭৪ সালে প্রকাশিত হয় প্রথম সরকারি হালাল খাদ্য নির্দেশিকা এবং একই বছর বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় হালাল খাদ্য পরিদর্শন ও প্রত্যয়ন কার্যক্রমে যুক্ত হয়।
১৯৮৪ সালে জাতীয় ফতোয়া কাউন্সিল হালাল ও হারাম-সম্পর্কিত বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া শুরু করে। ১৯৯৪ সালে সরকারি হালাল লোগো চালু হয়।
২০০২ সালে হালাল সনদ প্রদানের দায়িত্ব জাকিমের কাছে হস্তান্তর করা হয়। ২০০৮ সালে এইচডিসিকে হালাল শিল্প উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে আবারও সনদ দেওয়ার দায়িত্ব জাকিমের কাছে ফিরে যায় এবং ২০১০ সালে একীভূত হালাল সনদ ব্যবস্থা চালু হয়।
২০১১ সালে হালাল দাবি, লেবেলিং ও সনদ প্রদানের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে মালয়েশিয়া হালাল মুভমেন্টের অধীনে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাকে একত্রিত করা হয়। ২০২০ সালে হালাল পণ্যের মান নির্ধারণের মানদণ্ড গ্রহণ করা হয়।
হালাল ধারণার বাস্তব প্রয়োগ
ব্যবসায়ীরা জানান, মালয়েশিয়া অস্ট্রেলিয়া থেকেও মাংস আমদানি করে। তবে শুরু থেকেই সেই মাংস হালাল কি না, তা নিশ্চিত করা হয়।
বর্তমানে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে হালাল পণ্য সংগ্রহ করে মালয়েশিয়া।
পোশাক খাতে ‘মডেস্ট ফ্যাশন’ নামে পরিচিত অংশটিও হালাল শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেসব পোশাক ‘মার্জিত’ হিসেবে বিবেচিত হয়।
মালয়েশিয়া একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ। সেখানে চীনা, ভারতীয় ও মালয় জনগোষ্ঠীর বসবাস। ফলে মুসলিম জনগোষ্ঠীর কাছে হালাল সনদপ্রাপ্ত পণ্য ও সেবার চাহিদা দেশটির হালাল শিল্পকে শক্ত ভিত্তি দিয়েছে।
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় পণ্য রপ্তানির জন্য হালাল সনদ নিতে জাকিমকে বাংলাদেশে নিয়ে আসে। বর্তমানে তারা জাকিমের সনদ নিয়েই মালয়েশিয়ায় পণ্য রপ্তানি করছে।
মালয়েশিয়া ও সৌদি আরবসহ কয়েকটি দেশে মাংসসহ কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে হালাল সনদ বাধ্যতামূলক।
ব্যবসায়ীদের মতে, একটি পণ্য বা সেবাকে হালাল সনদ দেওয়ার আগে কয়েকটি ধাপ যাচাই করা হয়। এগুলো হলো—কাঁচামাল, উৎপাদন, প্যাকেজিং, গুদামজাতকরণ ও লজিস্টিক, পরিবহন এবং ভোক্তার হাতে পৌঁছে দেওয়া।
মালয়েশিয়ায় জাকিম প্রতিটি স্তর যাচাই করে হালাল সনদ দেয়। অন্যদিকে হালাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এইচডিসি শিল্পখাতকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে।
বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
বাংলাদেশে ২০২৩ সালে ইসলামী শরিয়া অনুযায়ী পণ্য উৎপাদন, আমদানি, রপ্তানি ও বাজারজাতকরণের সুবিধার্থে ‘হালাল সনদ নীতিমালা-২০২৩’ প্রণয়ন করা হয়।
নীতিমালা অনুযায়ী, হালাল স্বীকৃতি পেতে উৎপাদক প্রতিষ্ঠানকে ইসলামিক ফাউন্ডেশনের কাছে আবেদন করে হালাল সনদ ও লোগো নিতে হয়।
এর আগে ২০২১ সাল থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) হালাল সনদ দিয়ে আসছে। ফলে বর্তমানে দুটি সংস্থাই হালাল সনদ দিচ্ছে, যা ব্যবসায়ীদের মতে নতুন জটিলতা তৈরি করেছে।
বাংলাদেশ বর্তমানে প্রায় ৮৫ কোটি ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশিরভাগই কৃষিভিত্তিক পণ্য।
এ পর্যন্ত প্রায় ২৮০টি প্রতিষ্ঠানকে হালাল সনদ দেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপপরিচালক ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী বলেন, হালাল খাতে সম্ভাবনা থাকলেও সুফল পেতে সরকারকে আরও নানা পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, “সনদ দেওয়ার ক্ষেত্রে আমরা এখন মালয়েশিয়ার জাকিমের নীতিমালা অনুসরণ করছি। পণ্য সংশ্লিষ্ট টেকনিক্যাল এক্সপার্ট ও শরিয়াহ এক্সপার্টদের দিয়ে একটি পণ্যের প্রতিটি ধাপ পর্যালোচনা করা হয়। কিন্তু মানুষ এখনো অত্যাধুনিক জবাইখানা ব্যবহার করে না। গরু বা মুরগি—সবই অনেক ক্ষেত্রে যত্রতত্র জবাই করা হয়।”
তার মতে, এসব কারণে হালাল সনদ থাকা সত্ত্বেও মালদ্বীপ ছাড়া অন্য দেশে মাংস ও মাংসজাত পণ্য রপ্তানিতে নানা সমস্যা রয়েছে। একটি হালাল অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে এসব সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।
ব্যবসায়ীদের মতে, শুধু হালাল খাদ্য নয়, হালাল হোটেল, ওষুধ শিল্প, পর্যটন এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।
প্রণব কুমার ঘোষ বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের প্রায় সব উৎপাদনই স্বাভাবিকভাবে হালাল। তাই এ খাতকে শিল্প হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ব্যাপক।
তার মতে, বাংলাদেশের হালাল পণ্যের বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত করা গেলে বহু দেশে রপ্তানির সুযোগ তৈরি হবে। এজন্য আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের লক্ষ্যে ল্যাবরেটরি সক্ষমতা বাড়াতে হবে এবং মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
বিএমসিসিআইয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজার কোটি ডলারের হালাল খাদ্য আমদানি করে। ২০৩০ সালের মধ্যে এ আমদানির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
ব্যবসায়ীদের সংগঠনটির মতে, সরকার যথাযথ পদক্ষেপ নিলে বাংলাদেশ এই বাজার থেকেই কয়েক বিলিয়ন ডলারের হালাল খাদ্য রপ্তানির সুযোগ পেতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে হালাল খাত নিয়ে মালয়েশিয়ার এইচডিসির সঙ্গে কাজ শুরু করেছে।
বিএমসিসিআই সভাপতি আনোয়ার শহীদ বলেন, সার্টিফিকেশন সমস্যার কারণে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, “এখন ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই—দুই প্রতিষ্ঠানই হালাল সনদ দিচ্ছে। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব ল্যাব নেই। আবার বিএসটিআইয়ের পরীক্ষার সক্ষমতাও সীমিত। ফলে অনেক ব্যবসায়ীকে মালয়েশিয়ার জাকিম বা সমমানের বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সনদ নিতে হচ্ছে। খাদ্য ও ওষুধ পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন করা গেলে বাংলাদেশের দারুণ সম্ভাবনা তৈরি হবে।”
তিনি আরও জানান, হালাল শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারকে সুপারিশ দিতে আগামী মার্চে একটি সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএমসিসিআই। সূত্র: বিবিসি বাংলা
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team