দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের ভোগ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
এক বছরে এমন সিগারেটের ভোগ বেড়ে ৭০০ কোটি শলাকায় পৌঁছেছে। এতে সরকারের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে অবৈধ কারবার ঠেকাতে সিগারেটের দাম ও কর যৌক্তিকভাবে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
দেশে সিগারেটের অবৈধ ব্যবসা বন্ধ এবং রাজস্ব আদায় বৃদ্ধি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। মূল বক্তব্য উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার।
অনলাইনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বজলুল হক খন্দকার বলেন, ২০২৪-২৫ অর্থবছরে সিগারেটের ওপর করভার ছিল ৭৬ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা বাড়িয়ে ৮৩ শতাংশ করা হয়। এর উদ্দেশ্য ছিল সিগারেটের ভোগ কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধি করা। তবে এতে অবৈধভাবে দেশে আসা ও রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের ভোগ বেড়েছে এবং সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
চলমান এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে দেশে অবৈধ সিগারেটের ভোগের পরিমাণ ছিল ৪০০ কোটি শলাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭০০ কোটি শলাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ ধরনের সিগারেটের ভোগ প্রায় ৫৬ শতাংশ বেড়েছে। এতে সরকারের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, যা মোট রাজস্বের প্রায় ১ দশমিক ৪৭ শতাংশ।
পিআরআইয়ের গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে বৈধ ও রাজস্ব পরিশোধ করা সিগারেটের ভোগ ছিল ৭৪ দশমিক ৬০ বিলিয়ন শলাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬১ বিলিয়ন শলাকায়। মোট ভোগের মধ্যে বৈধ সিগারেটের অংশ ছিল ৭৭ দশমিক ৮৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে অবৈধ সিগারেট কারবার রোধে কঠোর পদক্ষেপ ও শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।
পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, উচ্চ দামের কারণে অবৈধ কারবার বাড়ে। তাই যৌক্তিকভাবে দাম নির্ধারণ করা গেলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি বলেন, দাম কম হলে ভোগ বাড়বে এবং সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এ কারণে সিগারেট খাতের করকাঠামো যৌক্তিক করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সিগারেট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team