দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে ১০ জেলেকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি উপজেলার কাজীরসুরা বাজারে অভিযান চালিয়ে অস্থায়ী দোকানপাট ভেঙে দেওয়া হয় এবং স্থানীয় লোকজনকে ইলিশ সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা চার ঘণ্টা পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি)মো: নাছির উদ্দিন ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ,পুলিশের উপপরিদর্শক (এসআই), থানা পুলিশ এবং নৌ-পুলিশের সদস্যরা। অভিযান চলাকালে ইলিশ আহরণে নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কাজীরসুরা বাজারে অভিযান চালিয়ে অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।অভিযানের সময় কাজীরসুরা বাজারে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধিরা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান জানান, ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, অবৈধ জাল ব্যবহার কিংবা সংরক্ষণ কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং নদীতে ইলিশের অবাধ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নদীতে নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team