দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় চাঁন মিয়া মাদবর (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া ওই রোগী যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাননি বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন।
সোমবার (২০ অক্টোবর) মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নিহত চাঁন মিয়া মাদবর শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার বেলা আনুমানিক ১২ টার দিকে মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত হন চাঁন মিয়া। পরে স্বজনেরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক প্রায় আধা ঘণ্টা তাঁদের অপেক্ষায় রাখেন। পরে আহত ব্যক্তির মাথায় সেলাই দেওয়া হয়। তবে সেলাই দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও চিকিৎসার ব্যবস্থা না করে পাশের একটি বেডে প্রায় দেড় ঘণ্টা ফেলে রাখা হয়।
পরিবারের দাবি, এ সময় তাঁকে যথাযথ ও জরুরি চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে বেলা আনুমানিক ২টার দিকে হাসপাতালের ওই বেডেই তাঁর মৃত্যু হয়।
চাঁন মিয়া মাদবরের মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলা ও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকে দায়ী করছেন তাঁর স্বজনেরা। তাঁদের দাবি, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়া হলে হয়তো তাঁকে বাঁচানোর সুযোগ থাকত।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কোনো অবহেলা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. আল মমিন। তাঁর বক্তব্য,“রোগীকে হাসপাতালে আনার পর সাধ্যমতো ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের পক্ষ থেকে চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।”
তবে রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team