দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
একই সঙ্গে আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয় গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।
প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ওসমান হাদির শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা ৫০মিনিটে সিঙ্গাপুর থেকে রওয়ানা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।’
বাংলাদেশ সময় আজ বৃহষ্পতিবার রাত ৯টা ৪৫মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
হাদির মৃত্যু ‘অপূরণীয় ক্ষতি’ : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি হাদির মৃত্যুকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেন।
ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, তিনি ‘অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ’ নিয়ে দেশবাসীর সামনে হাজির হয়েছেন। তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে এই সংবাদটি জানিয়েছেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন—এই দোয়া করি।’ তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা ভাষণে ঘোষণা দেন, শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ভাষণে তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তারা হাদির চিকিৎসায় ‘অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত’ দেখিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি, যিনি একই সঙ্গে একজন চিকিৎসক।
হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’ এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ভাষণে ওসমান হাদিকে ‘প্রতিবাদের অনন্য প্রতীক’ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার দৃষ্টান্ত রেখে গেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার সুযোগ দেওয়ার কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু।’ তাঁর কণ্ঠ স্তব্ধ করে ভয় দেখানোর অপচেষ্টা ব্যর্থ হবে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, শহিদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার ইচ্ছা তাঁর ছিল। তিনি বলেন, ‘তাঁর এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি। যারা দেশকে অস্থিতিশীল করতে চান, তাদের ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচলভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এটাই হবে শহিদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করে তাঁকে বেহেশত নসিব করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।’
তারেক রহমান বলেন, ‘হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি তাঁর শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।’
ওসমান হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির গভীর শোক প্রকাশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০ ঘটিকায় শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধান বিচারপতি শোকবার্তায় উল্লেখ করেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো। প্রধান বিচারপতি মহোদয় ও বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার এক শোকবার্তায় তিনি একথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর। তিনি সবসময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উপদেষ্টা ফরিদা আখতার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওসমান হাদির মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভিতরে। হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস ছিল। হাদির অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওসমান হাদির মৃত্যুতে সমাজকল্যাণ উপদেষ্টার শোক
ছাত্র-জনতার আন্দোলনে সামনের সারিতে থাকা যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি।
তিনি বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।
উপদেষ্টা আরও বলেন, কিছু মানুষের মৃত্যু হয় না। কারণ তাদের আদর্শ,ত্যাগ ও বিপ্লবী স্বপ্নগুলো ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে।
শারমীন এস মুরশিদ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। তিনি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর।
তিনি আরও বলেন, সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলো। তার অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য শরিফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
হাদির মৃত্যুতে এবি পার্টির গভীর শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, গত ১২ ডিসেম্বর শুক্রবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় প্রায় রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোক বার্তায় আরও বলা হয়, তার এই মৃত্যুতে জাতি আজ একজন আধিপত্য বিরোধী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ নেতাকে হারাল। শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, স্পষ্টবাদী ও দেশপ্রেমিক মানুষ।
তারা আরও বলেন, সমাজ ও রাজনীতিতে তার দায়িত্বশীল ভূমিকা, দৃঢ় অবস্থান ও গণমানুষের প্রতি অগাধ ভালোবাসা তাকে এক ব্যতিক্রমী নেতৃত্বে পরিণত করেছিল।
নেতৃদ্বয় আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার চিন্তা-চেতনা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা বলেন, অল্প সময়ের মধ্যেই জুলাই আন্দোলনের এই অকুতোভয় নেতা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন এবং ইনকিলাব মঞ্চকে একটি জাতীয় আন্দোলনের রূপ দিয়ে যান।
শোক বার্তায় আরও বলা হয়, শরিফ ওসমান হাদির শাহাদাত শুধু তার পরিবার বা নিকটজনদের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মতো একজন প্রতিভাবান তরুণ নেতৃত্ব হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
হাদির এই অবদান ও স্মৃতি আমাদের চলার পথে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান তারা।
নেতৃবৃন্দ শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তারা দেশবাসী, হাদির শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর নিকট ধৈর্য ও শক্তি কামনা করেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team