দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
ছদ্মবেশী ভয়ংকর ফারুক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবর:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মাপাড়ের বাখরের কান্দি। ভোরে পদ্মার তাজা মাছ আর সন্ধ্যায় শুক্কুরের স্বাদময় খিচুরি! বেইলীব্রিজ বাখরেরকান্দি বেশ প্রসিদ্ধ এই কারণে। তাছাড়া পদ্মাপাড় সংলগ্ন হওয়ায় সাধারণ মানুষের আনাগোনাও বেশ। আর এই বাখরেরকান্দি বাজারের কাছেই মোটর মেকানিকের ছদ্মাবেশে ভয়ংকর অপরাধীর বিচরণ।
ছদ্মাবেশী ফারুক!
পদ্মাসেতু চালু হওয়ার পর কাওরাকান্দি সড়কের ব্যস্ততা কমে যায়। অনেকটাই মানুষের কোলাহল কমে আসে বাখরেরকান্দি এলাকায়। সকাল আর বিকেল ছাড়া স্বাভাবিক পল্লী এলাকার মতোই এই এলাকা। আর এখানেই খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা এলাকার রতন মোল্লার ছেলে ফারুক মোল্লা একটি ঘর ভাড়া নিয়ে মোটর গ্যারেজের মতো দেখতে একটি দেকান গড়ে তোলে। প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সী ফারুক মোল্লা সর্বশেষ ওই গ্যারেজ ভেঙে 'ভাতের হোটেল' দিয়েছিল।
ফারুক মোল্লা মোটর মেকানিকের ছদ্মবেশের আড়ালে চোরাই গাড়ির কেনাবেচার দূর্গ গড়ে তোলে। দূর-দূরান্ত থেকে চোরাই গাড়ি আসতো ফারুক মোল্লার কাছে। মূহুর্তেই যন্ত্রপাতি খুলে বিক্রি বা পরিবর্তন করে ফেলতো। গত ১৭ মে চোরাই গাড়িসহ পুলিশ ফারুক মোল্লাকে গ্রেফতার করলে বেড়িয়ে আসে চাঞ্চণ্যকর তথ্য। সে সময় নিজেকে সাংবাদিক পরিচয়ও দেন তিনি। এলাকার অনেকের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চলতেন বলেও জানা যায়।
সেই মামলায় কারাবরণ থাকার পর জামিনে মুক্ত হয় ফারুক। মাদারীপুর কোর্টে পরিচয় হয় শাম্পা নামের এক নারীর সাথে। শাম্পার স্বামী কোন এক কারণে জেলবন্দী। ওই সূত্রধরে সখ্যতা থেকেই ফারুক মোল্লার বাড়িতে আসে শাম্পা।

অজ্ঞাত নারীর লাশ উদ্ধারঃ
বুধবার(১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বাখরের কান্দি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি ঝোপের মধ্যে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে উদ্ধার করে মরদেহ। ক্লুলেস হত্যাকান্ডের তদন্ত শুরু করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের।
যেভাবে গ্রেফতার হন ফারুক!
অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের পর পুলিশ নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামে ওই নারীর পরিবারকে বিষয়টি জানান। নিহতের বাবা ছামরুল ইসলাম জানান গত ৩ বছর আগে মাদারীপুরে বিয়ে দেয়া হয় তার মেয়েকে। এক বছর বয়সী পুত্র সন্তানও আছে। মারা যাওয়ার একদিন আগে অভিযুক্ত ফারুক মোল্লার মোবাইল ফোনে মায়ের কাছে নিজের অবস্থানের বিষয়টি জানান শাম্পা। তবে কি কারণে ফারুক মোল্লার কাছে সে গিয়েছিল তা জানা যায়নি।
পরে পুলিশ ও র্যাব-৮ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফারুকের অবস্থান নিশ্চিত করে জেলার রাজৈর উপজেলা থেকে গ্রেফতার করে। পরে বাখরেরকান্দি ফারুকের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে নিহতের ওড়নার পোড়া অংশ, নাকফুল, গলার চেইন, একজোড়া জুতা উদ্ধার করা হয়।
নারীকে হত্যার পর শিশু সন্তানকে ছুড়ে ফেলা হয় নদীতেঃ
জিজ্ঞাসাবাদে ফারুক জানান, নারীকে হত্যার পর তার এক বছর বয়সী শিশু সন্তান আবীরকে মেরে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় ফারুক! ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাইওয়ে থানা সংলগ্ন সেতু থেকে নদে ফেলে দেয় শিশুর মরদেহ! শরীর ভারী হওয়ায় শাম্পার মরদেহ বাড়ির কাছের ঝোপে ফেলতে বাধ্য হয় ফারুক।
সহকারী পুলিশ সুপারের বক্তব্যঃ
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন,'জিজ্ঞাসাবাদে আসামি ফারুক হত্যার কথা স্বীকার করেছে। এবং নিহতের এক বছর বয়সী সন্তানকে আড়িয়াল খাঁ নদের ব্রীজ থেকে নদীতে ফেলে হত্যার কথাও প্রাথমিক ভাবে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়। নিহত শাম্পা খাতুনের মরদেহ ভারী হওয়ায় বাড়ির পাশে ঝোপের মধ্যে ফেলে রাখে। আমরা শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্টা করছি।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team