দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে ২৪ ঘণ্টার ব্যবধানে এক বিএনপি নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিএনপি নেতা, তাঁর বাবা ও ভাই আহত হয়েছেন বলে দাবি করেছেন তাঁরা। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জামাল মাদবর পেশায় অটোরিকশাচালক। তিনি ভদ্রাসন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।জামাল মাদবরের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে তাঁরা ২০ শতাংশ জমিতে কৃষিকাজ করে আসছেন। এ সময় নিয়মিত জমির খাজনাও পরিশোধ করে আসছিলেন তাঁরা। চলতি বছরও ওই জমিতে ধান চাষ করেন। ধানের ফলন ভালো হওয়ার পর জমির মালিকপক্ষ জমিটি ফেরত নেওয়ার কথা জানায়। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এরফান মাদবরের সঙ্গে আলোচনা করে ধান কাটার পর জমি ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান জামাল।
তবে এর মধ্যেই বিরোধের সূত্র ধরে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর।
জামাল মাদবর বলেন, গত ২৩ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে দুলাল বেপারী, রাজিব বেপারী, রাশেদুল বেপারী, মতি বেপারীসহ কয়েকজন লাঠিসোঁটা ও রড নিয়ে তাঁদের ওপর আকস্মিক হামলা চালান। হামলায় তিনি ও তাঁর বাবা আহত হন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর এ বিষয়ে ভদ্রাসন ইউনিয়ন পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন বলে জানান জামাল। তাঁর ভাষ্য, অভিযোগের পর ফাঁড়ির ইনচার্জ মজান্মেল তাঁকে ২৪ আগস্ট সকালে ফাঁড়িতে দেখা করতে বলেন।
জামাল মাদবরের দাবি, ২৪ আগস্ট সকালে তিনি তাঁর বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওনা দেন। ফাঁড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে দুলাল বেপারী ও তাঁর সহযোগীরা আবারও তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা আহত হন এবং হামলার কারণে পুলিশ ফাঁড়িতে পৌঁছাতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
জামাল আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্নভাবে তাঁদের হয়রানি করে আসছেন। তাঁর দাবি, অভিযুক্ত দুলাল বেপারী আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও এলাকায় তাঁর প্রভাব ও আধিপত্য রয়েছে বলে অভিযোগ করেন জামাল।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করছি এবং নিয়মিত খাজনা দিয়ে আসছি। ধান কাটার পর জমি ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছিল। এরপরও আমাদের ওপর হামলা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। পাশাপাশি ভবিষ্যতে যেন আমাদের ওপর আর কোনো হামলা না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ভদ্রাসন ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজান্মেলের সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে হামলার অভিযোগে অভিযুক্ত দুলাল বেপারী, রাজিব বেপারী, রাশেদুল বেপারী ও মতি বেপারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরপর দুই দফা হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team